×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা টিকিটের যাত্রীকে আটক করায় দুই রেলকর্মীকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা টিকিটের যাত্রীকে আটক করায় দুই রেলকর্মীকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের এক যাত্রীকে আটক করায় কর্তব্যরত স্টেশন মাস্টার ও এক টিকিট কালেক্টরকে মারধরের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মচারী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে স্টেশনের গেটে আটকে দেন টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল। এ নিয়ে ওই যাত্রীর সঙ্গে তার বচসা হয়। পরে সঞ্জিত তাকে স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

পরে ওই যাত্রীর ফোন পেয়ে ১০ থেকে ১২ জন যুবক পুলিশ ফাঁড়িতে জড়ো হন। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহআলম মিয়া তখন বিষয়টি মীমাংসা করে তাঁকে ছেড়ে দেন। এরপর দুপুর ১২টার দিকে ওই যাত্রী আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে স্টেশনে ফিরে এসে সঞ্জিত মণ্ডলকে মারধর করেন।

এ সময় স্টেশন মাস্টারের কক্ষের সামনে তাঁকে মারধর করতে দেখে কর্তব্যরত স্টেশন মাস্টার শাকির জাহান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। উপস্থিত লোকজন এসময় ঘটনার ভিডিও ধারণ করেন।

শাকির জাহান বলেন, ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে ধরায় টিকিট কালেক্টরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আমিও হামলার শিকার হই। পরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করা হয়।

তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে রেলওয়ের টিকিট কালেক্টররা কীভাবে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর থেকে স্টেশনের কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় তাঁরা অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলম মিয়া বলেন, সকালে বিনা টিকিটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি বিষয়টি মীমাংসা করে দেন। পরে দুপুরে ওই পক্ষ আবার এসে দুজনকে মারধর করে। এ ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর 

Logo