×
Logo

সারাদেশ

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

খাগড়াছড়ি করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাঙামাটির সাজেকে ছয় দিনের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দুই সংগঠনের ডাকা অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাজেক মাচলং বাজারেও দুর্গাপূজা উদযাপিত হবে।

আরও বলেন, তাদের ডাকা অবরোধ কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না। একইভাবে কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও এ কর্মসূচি নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

দুর্গোৎসবের পর প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী কর্মসূচির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের নেতারা।

/এসআইএন


Logo