সাতক্ষীরায় পারিবারিক বিরোধের জেরে নিহত ১
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে ১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় অভিযুক্ত রমেশ কুমার মন্ডলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
রমেশ কুমার মন্ডল (৩৫) বাদঘাটা গ্রামের সিদাম মন্ডলের ছেলে। নিহত সুধা রানী মন্ডল (৫৫) রমেশের আপন বড় চাচা মধু সুধন মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রমেশ দা দিয়ে মা, চাচী ও চাচাতো ভাইকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুধা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, রমেশ মন্ডল একজন মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো ও স্ত্রীকে মারপিট করতো। আজও পারিবারিক বিরোধের সময় দা দিয়ে মা, চাচাতো ভাই ও চাচীকে কোপায়। এতে আপন চাচী নিহত হন।
হত্যাকারী রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
/এসআর