×
Logo

সারাদেশ

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় ছেলে তারেক রহমানকে (২৮) হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তারেক। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতো সে। বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করে তারেক।

স্থানীয়রা আরও জানান, এক পর্যায়ে তাঁর বাবা অলিউর রহমান তাঁকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয়। 

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর 

Logo