সুস্থ হয়ে আবারও চুয়েটে ফেরার ঘোষণা উপাচার্যের
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
সুস্থ হয়ে আবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক দায়িত্বে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন চিকিৎসাধীন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। উপাচার্যের এই বক্তব্যের পর তীব্র ক্ষোভ প্রকাশ করে পাল্টা বিবৃতি দিয়েছেন আন্দোলনরত চুয়েট শিক্ষার্থীরা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধারণ করা এক ভিডিও বার্তায় চুয়েট উপাচার্য জানান, চুয়েট ক্যাম্পাসে তিনি আর কখনো ফিরবেন না—এমন কোনো শর্ত মানার কথা সত্য নয়। তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং পদত্যাগও করেননি। শারীরিক অসুস্থতা কাটিয়ে সুস্থ হওয়ার পর তিনি আবার ক্যাম্পাসে ফিরে নিয়মিত উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে স্পষ্ট জানান।
উপাচার্যের এই বক্তব্যের পরপরই ক্যাম্পাসে চরম ক্ষোভের সৃষ্টি হয়। জবাবে পাল্টা বিবৃতি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার বা ছাড় পাওয়ার সময় ‘আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না’—এমন লিখিত বা মৌখিক শর্ত স্বীকার করার পরেই তাকে ছাড় দেওয়া হয়েছিল। এখন তিনি সেই শর্ত ভেঙে বিভ্রান্তি তৈরি করছেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে উপাচার্য যদি পুনরায় চুয়েট ক্যাম্পাসে ফেরার কিংবা প্রশাসনিক কার্যালয়ে বসার চেষ্টা করেন, তবে চুয়েটে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।
/এএ