×
Logo

সারাদেশ

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ প্রকল্পের গায়েব চেকের আড়াই লাখ টাকা উত্তোলন, তদন্ত চলছে

সুনামগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ প্রকল্পের গায়েব চেকের আড়াই লাখ টাকা উত্তোলন, তদন্ত চলছে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ প্রকল্পের আনুষঙ্গিক খরচের ২ লাখ ৫৩ হাজার ৯৮৯ টাকার একটি চেক গায়েব হওয়ার পর তা দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মনির হোসেনের লিখিত অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কাবিটা প্রকল্পের স্টেশনারি ও আপ্যায়ন খরচ বাবদ গত ২৮ জুন চেকটি প্রস্তুত করা হয়। তাঁর স্বাক্ষরের পর ইউএনওর স্বাক্ষরের জন্য চেকটি কার্যালয়ে পাঠানো হয়। স্বাক্ষর শেষে চেকটি অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ্বজিৎ সূত্রধরের কাছে রাখা হলেও তা আর পাউবো কর্মকর্তার কাছে ফেরত দেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ অক্টোবর ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করে মনির হোসেন জানতে পারেন, চেকটি ব্যবহার করে গত ২০ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের তাহিরপুর শাখা থেকে পুরো টাকা উত্তোলন করা হয়েছে।

সোনালী ব্যাংকের তাহিরপুর শাখা ব্যবস্থাপক অর্পন যেত্রা জানান, ইউএনও কার্যালয়ের আউটসোর্সিং কর্মচারী এনায়েত পাটোয়ারী চেকের টাকা উত্তোলন করেছেন। অফিসের কর্মচারী পরিচয়ে তাঁকে টাকা দেওয়া হয়েছে। 

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিশ্বজিৎ সূত্রধর ও এনায়েত পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। চেক গায়েব ও টাকা উত্তোলনের ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী মনির হোসেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। দ্রুত প্রতিবেদন দিতে উপজেলা সমবায় কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর 

Logo