ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার অনুপ কুমার দাস (৫৬) ও একই এলাকার বাসিন্দা আনোয়ারুল আজিম (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে শ্রীমঙ্গল অভিমুখে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া নামক এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন। দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএম