×
Logo

সারাদেশ

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ অক্টোবর) সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে— মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।

এ অবস্থায় গত রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। সারাশি অভিযান চালিয়ে ঘটনার ৫ ঘণ্টা পর তাকে আরাজি পলাশবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএইচআর

Logo