×
Logo

সারাদেশ

নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ এএম

নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলা ও সোনাইমুড়ীতে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং সোনাইমুড়ীতে মাঠ থেকে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার সোনাপুর ফিলিং স্টেশন থেকে সম্প্রতি নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কবির নামের এক যুবককে চুরির সাথে জড়িত হিসেবে শনাক্ত করার দাবি করে সংশ্লিষ্টরা। পরে তাকে সদর উপজেলার দেবীপুর এলাকায় ডেকে নেওয়া হয়।

সেখানে কবিরের ওপর দফায় দফায় নির্মম মারধর চালানো হয়। মারধরের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দেবীপুর এলাকা থেকে কবিরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

এদিকে সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া এলাকার একটি খোলা মাঠ থেকে সজীব নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সজীবের স্বজনদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় একটি কিশোর গ্যাং চক্রের সাথে সজীবের বিরোধ তৈরি হয়। সেই বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরেই কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে সজীবকে হত্যা করে লাশ মাঠে ফেলে গেছে বলে দাবি তাঁদের।

পুলিশ জানিয়েছে, দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সদর উপজেলার ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সোনাইমুড়ীর ঘটনায় কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগসহ সব দিক খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এএ 

Logo