×
Logo

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ডিমবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আসিফ হোসেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ রামচন্দ্রপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু আসিফ তার মায়ের সঙ্গে গ্রামের মাঠ থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রামচন্দ্রপুর এলাকায় পাকা রাস্তা পার হওয়ার সময় শেখপাড়া থেকে রামচন্দ্রপুরগামী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যান শিশুটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পায় আসিফ। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন জানান, মায়ের হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল আসিফ। হঠাৎ করেই মায়ের হাত ছেড়ে সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শেখপাড়ার দিক থেকে আসা একটি ডিমবোঝাই ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামচন্দ্রপুর গ্রামে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আসিফ হোসেন নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক ভ্যান ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এএ

Logo