×
Logo

সারাদেশ

মহেশপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

মহেশপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্প পাড়ায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—যাদবপুর গ্রামের বাবু মিয়ার চার বছর বয়সী ছেলে নাহিয়ান এবং তার তিন বছর বয়সী ফুপাতো বোন হুমায়রা খাতুন।

স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন হওয়া ওই দুই শিশু মঙ্গলবার দুপুরে ক্যাম্প পাড়ায় বাড়ির পাশে একত্রে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা নিখোঁজ হয়ে যায়।

অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি গভীর ডোবার পানিতে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একই সঙ্গে দুই নিষ্পাপ শিশুর এমন অকাল ও করুণ মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি অসাবধানতাবশত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হওয়ায় সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

/এএ 

Logo