×
Logo

সারাদেশ

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা আছাদুল এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহত অপর তিন শ্রমিককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, সকাল থেকে পৌরসভার নির্মাণাধীন ওই ভবনটির বারান্দার ছাদে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ছাদের সাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেখান থেকে আছাদুল ও শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত বাকি তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। নিহত ও আহত শ্রমিকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এনএ 

Logo