আখাউড়ায় মন্দিরে চুরি: স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া) করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতলের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে আখাউড়া পৌরশহরের বড় বাজার ও মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– পৌরশহরের বড় বাজার এলাকার বাসিন্দা জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়া এলাকার বাসিন্দা আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। পলাতক রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৬২)। তিনি আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ায় ভাড়া থাকতেন।
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে এই চুরির ঘটনায় আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দিলে আকাশকেও গ্রেফতার করে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতলের বিভিন্ন সামগ্রীসহ আরও মালামাল উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের চিহ্নিত দুই চোরকে মালামালসহ গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
/এএম