নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৩ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য দিবালোকে নিজস্ব চক্রের প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন কুখ্যাত ডাকাত সর্দার হিসেবে পরিচিত মো. সাহেব আলী।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের বউ বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সাহেব আলী বউ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তারই পূর্বপরিচিত সহযোগী স্থানীয় রনি এবং রং মিস্ত্রি আসলাম একত্রিত হয়ে তার ওপর চড়াও হয় এবং খুব কাছ থেকে আগ্নেয়াস্ত্র বের করে সরাসরি সাহেবকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। গুলির আঘাতে সাহেবের মাথা ও বুক ঝাঁঝরা হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
গোলাগুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাহেবকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত সাহেব আলী সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। তিনি একটি সক্রিয় ডাকাত ও অপরাধী গ্যাং পরিচালনা করতেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, হামলাকারী রনি ও রং মিস্ত্রি আসলাম নিহত সাহেবেরই ঘনিষ্ঠ সহযোগী ছিল। অপরাধের নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, নিহত সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রবাজি ও চাঁদাবাজিসহ অন্তত ২০টি নিয়মিত মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত রনি, আসলামসহ অন্যান্য সহযোগীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
/এএ