×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকার বিদেশি রিভলবার ও মাদকসহ গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকার বিদেশি রিভলবার ও মাদকসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকারকে গ্রেফতার করে। 

অভিযানকালে তার হেফাজত থেকে একটি সচল বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং ৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতারকৃত সোহেল খন্দকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি নিয়মিত মামলা রয়েছে। সে এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি ও নিজস্ব মাদক সাম্রাজ্য নির্বিঘ্নে পরিচালনা করতে একাধিক কিশোর গ্যাং গড়ে তোলে। এসব গ্যাংয়ের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড চালাত সে।

অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ পারভেজ আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। তার স্বীকারোক্তির ভিত্তিতে অস্ত্র ও মাদক সিন্ডিকেটের বাকি সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

/এএ

Logo