বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে সেই কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ‘ইভেন বিধবা কার্ড যদি দেওয়া হয়, এই কার্ডের টাকা যদি দেওয়া হয়, এখানে এমপির বউ সবার আগে পাবে। মানে, বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন যে, বিধবা কার্ডের জন্য এমপির বউ সবার আগে বলবে, “আমাকে একটা দাও।” বেকার কার্ড—এগুলোও সবার আগে উনারাই পাবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, কিছুদিন আগে সারের ডিলার নিয়োগের মতো একটি প্রক্রিয়া হয়েছে। সেখানে এমপির ছেলেও সালের ডিলার হয়েছে, মেয়ে ও শালিও পেয়েছে।’
হাসনাত বলেন, ছাত্রদলের কয়েকজন গুন্ডাকে নিয়ে চুয়েটের নতুন ভিসি তার কক্ষের তালা ভাঙছেন। তাকে কোনো শিক্ষক চান না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চান না, এমনকি তার সহকর্মীরাও চান না। নির্লজ্জের মতো আজ তালা ভেঙে চেয়ার দখল করছেন।
তিনি আরও বলেন, সমাজে এ ধরনের যে মানসিক অধঃপতন হচ্ছে, তার বিরুদ্ধে সবসময় সচেতন থাকতে হবে। চুয়েটের ভিসি নামক এই গুন্ডারা দেশটাকে আবার পিছিয়ে নিতে চান। তাদের ন্যূনতম ব্যক্তিত্ব, লজ্জা ও আত্মসম্মানবোধ নেই।
/এসআইএন