×
Logo

সারাদেশ

জামালপুরে ৩ দিন নিখোঁজের পর ঝোপে মিলল গৃহবধূর মরদেহ, আটক ৪

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

জামালপুরে ৩ দিন নিখোঁজের পর ঝোপে মিলল গৃহবধূর মরদেহ, আটক ৪

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর রোজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ ৪ জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে।

পুলিশ জানায়, গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। 

পরে পুলিশ ও স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিন দিন আগেই তাকে হত্যা করে বা কোনো দুর্ঘটনায় মৃত্যুর পর লাশটি সেখানে ফেলে রাখা হতে পারে। এদিকে, পলাতক স্বামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/এএন

Logo