পাবনা
আদালতের নির্দেশে মায়ের দায়িত্ব নিলেন সেই গ্রাম পুলিশ সদস্য, চাইলেন ক্ষমা
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
বৃদ্ধা মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় আসা পাবনার সাঁথিয়া উপজেলার গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশনায় মায়ের ভরণপোষণসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে মায়ের কাছে ক্ষমা চেয়েছেন সাগর।
রোববার (১১ অক্টোবর) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা ও ছেলের বক্তব্য শোনার পর তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। পরে সাগর হোসেন মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব পালনে সম্মত হন। সাগর হোসেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ সদস্য।
এর আগে, গত ৮ অক্টোবর সাগর ও তাঁর মায়ের ভরণপোষণ ও দায়িত্ব পালন সংক্রান্ত একটি পারিবারিক বিরোধের শুনানি হয় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। ওই শুনানিতে নির্বাহী কর্মকর্তা ছেলে সাগরকে মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বুঝিয়ে দেন। সে সময় সাগর মায়ের খরচ বহন করতে পারবেন বলে জানালেও তাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানান।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় রোববার বিকেলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানকে সাগর ও তাঁর মাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, ওসি তাদের আদালতে হাজির করেন।
আদালত মা ও ছেলের বক্তব্য শোনেন এবং তাদের মধ্যকার বিরোধের সমাধানে উদ্যোগ নেন। একপর্যায়ে সাগর নিজের ভুল বুঝতে পেরে মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব নিতে সম্মত হন। ভবিষ্যতে মায়ের সঙ্গে আর কখনও এমন আচরণ করবেন না বলেও আদালতকে জানান।
ছেলের কাছে থাকতে পারার আনন্দ প্রকাশ করে বৃদ্ধা মুন্নি খাতুন বলেন, ‘আমার ছেলে নিজের ভুল বুঝতে পেরেছে। আমি আমার ছেলেকে চেয়েছিলাম, অবশেষে তাকে ফিরে পেয়েছি। আমার আর কিছু চাওয়ার নেই।’
সাগর হোসেন বলেন, ‘আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আগে যা বলেছি, তা আবেগের বশে বলেছি। এখন বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। আমি অনুতপ্ত।’
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘বৃদ্ধা মা ও ছেলেকে একসঙ্গে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৃদ্ধ মায়ের দায়িত্ব নেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
/এমএইচআর