সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।
সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের জালালউদ্দীনের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে বাইকের ধাক্কা লেগে তারা বাইক থেকে ছিটকে পড়েন।
এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে শামীমা ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত স্বামী আব্দুল মজিদকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
/এমএইচআর