রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২
নারায়ণগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালক রাজন মিয়াকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌছালে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালকের ওপর হামলা চালায় তারা। এ সময় রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
অন্যদিকে, তারাবো পৌর এলাকার সুলতানা কামাল সেতুতে পুলিশের চেকপোস্ট চলাকালে বেপরোয়া গতিতে একটি অটোরিকশা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল মিয়া ও জামাল মিয়া নামে দুই যুবককে আটক করে।
আটক ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। আর জামাল নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এনজেএস