গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী উদ্ভবের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন তিনি। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা জানান, রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ এসে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার গলা ও মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
/এনজেএস/এএন