×
Logo

সারাদেশ

রংপুরের কাউনিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

রংপুরের কাউনিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ আলী (৪৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে আসামির নিজ বসতবাড়িতে এ সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জাবেদ আলী ওই গ্রামের মৃত ভোমর মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের উপ-পরিচালক আবু জাফর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল ভোরে জাবেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি তার বসতঘরের উত্তর দুয়ারী পূর্ব পাশের কক্ষের ভেতর অবস্থান করছিলেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির বাম কোচরে গোঁজা অবস্থায় একটি বিশেষ নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর থেকে ১২০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেফতার জাবেদ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকার মাদক বিস্তার ও সংশ্লিষ্ট চক্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। 

/এএ

Logo