×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে পৃথক এলাকায় গ্যাসের আগুন ও বিস্ফোরণে দগ্ধ ৭

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

নারায়ণগঞ্জে পৃথক এলাকায় গ্যাসের আগুন ও বিস্ফোরণে দগ্ধ ৭

নারায়ণগঞ্জ শহরের পৃথক এলাকায় গ্যাসের সংযোগ থেকে আগুন ও বিস্ফোরণের ঘটনায় সাতজন দগ্ধ হয়েছেন। সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (১১ অক্টোবার) নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ও কাঁচপুরে এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জিউস পুকুরপাড় এলাকায় রান্নাঘরের গ্যাস সংযোগের আগুন থেকে দগ্ধ হন শতবর্ষী আশা রানী, মেয়ে মিলনা রানী ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

অন্যদিকে, দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। 

এ ঘটনায় ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় তাজুল ইসলামের ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন শরীফ। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন শরীফ, তার স্ত্রী রোজিনা, ছেলে রনি ও তাদের এক নিকটাত্মীয়।

পরে স্থানীয় লোকজন দগ্ধ চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

/এনজেএস/এসআইএন

Logo