×
Logo

সারাদেশ

ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগারকে ল্যাপটপ উপহার দিয়েছেন ঢাকার জিগাতলার বাসিন্দা মুক্তি মাহমুদ। তিনি আনজুমান ডিজাইনার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠনে সিনিয়র ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ক্রিলের সাথে দেখা করে ল্যাপটপটি উপহার দেন। 

মুক্তি মাহমুদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছেলের বয়সী ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা সহ ব্যাগ চুরির ঘটনা দেখেছেন। আইনশৃঙ্খরাবাহিনী ব্যাগটি উদ্ধারে চেষ্টা করছে। ব্যাগ হারিয়ে ক্রিলের কান্না তাকে বেদনাহত করেছে। বাংলাদেশের হয়ে তাকে উপহার দিলে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হবে, এই চিন্তা থেকে ক্রিলকে তিনি উপহারটি দিয়েছেন। উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল।  

ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগার জানান, বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে বাংলাদেশে এসেছেন তিনি। গত বুধবার (৭ অক্টোবর) বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি বিকেলে নাটোর রেলস্টেশনে আসেন। ভারত যাওয়ার উদ্দেশে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল তার। নাটোর স্টেশনে নেমে ওয়েটিং রুমে অবস্থানের সময় ২৪ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের সাথে তার পরিচয় হয়।

ক্রিলের ভাষ্যমতে, হলুদ কটি পরিহিত লোক রেলের স্টাফ পরিচয় দিয়ে ওয়েটিং রুমে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে। এরপর ক্রিল তার কাছে সরল বিশ্বাসে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে সে ব্যাগ নিয়ে সরে পড়ে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় এসে বিষয়টি জানান। 

/এএন


Logo