×
Logo

সারাদেশ

বিএনপি নেতা বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে: দুলু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

বিএনপি নেতা বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে: দুলু

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির মিছিলে সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে লাঠিসোটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এর ভিডিও ফুটেজ দেশ বিদেশে আলোড়ন তুলে। দীর্ঘদিনেও বাবুর হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নাটোরে হত্যার স্বীকার হয়েছে যুবদল নেতা সুজন, আবুল বাশার, রাকিব, রায়হানসহ অনেকে। এসব হত্যাকারীদের কোন ছাড় দেয়া হবে না। তাদের বিচার বিএনপি সরকারের সময়েই করা হবে।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচিসহ জেলা-উপজেলাত্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এমএইচআর

Logo