কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জবানবন্দি দিতে আদালতে অটোরিকশাচালক সুমন
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার অটোরিকশাচালক সুমনকে আদালতে নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য তাকে হাজির করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পংকজ বড়ুয়া জানান, পুলিশের প্রাথমিক তদন্তে এ ঘটনায় সুমনের একক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় তাজমিনকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন সুমন। পরে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে তাকে ধর্ষণ ও হত্যা করেন বলে পুলিশের দাবি।
হত্যার পর তাজমিনের মোবাইল ফোন নিয়ে চট্টগ্রামে পালিয়ে যায় সুমন। শুক্রবার (৯ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে লালমাইয়ের পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বাড়ি যশোরে। নগরীর রেসকোর্স এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত তাজমিন।
/এএন