লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত
স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
লালমনিরহাট সদর উপজেলায় ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফজিলা বেগম (৫৬) ও জহিলা বেগম (৬০)। তারা দুজনই ফকিরের তকেয়া এলাকার বাসিন্দা। ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম আজিজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোরেও ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশে হাঁটতে বের হন ফজিলা ও জহিলা। এ সময় রংপুর থেকে আসা দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
/এনএ