সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় শহরের নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ অক্টোবর রাতে কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তাদের অভিযোগ, সাতক্ষীরা শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ব্যক্তিরা এ হত্যাকাণ্ডে জড়িত। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিরা এখনও ধরাছোয়ার বাইরে।
বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রসঙ্গত, সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে চায়ের দোকানি রবিউল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জন যুবকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সেখানে থাকা জাকারিয়া খান দুই পক্ষের বিরোধ থামাতে এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় করা মামলার প্রধান আসামি নাহিদ এবং তার সহযোগী শিপন ও বনিকে গ্রেফতার করেছে পুলিশ।
/এনজেএস