×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় পরিবারের সদস্যদের অচেতন করে লুট, খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

সাতক্ষীরায় পরিবারের সদস্যদের অচেতন করে লুট, খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা

সাতক্ষীরায় খাবারের সাথে বিষক্রিয়া দিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে বাড়ির গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (১০ অক্টোবর) ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে সঞ্জয় সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ সাত লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

সঞ্জয় সাহা জানান, শুক্রবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, বসতঘরের পেছনের গ্রিল কাটা। ঘরের জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে ছিল। এ ছাড়া বাড়ির সামনের বারান্দার গ্রিলও কাটা দেখতে পান তিনি।

সঞ্জয় সাহা আরও জানান, ঘটনার সময় পরিবারের চার সদস্যই অচেতন ছিলেন। তার ধারণা, রান্নাঘরের বারান্দায় রাখা পানির ফিল্টারে অথবা রান্নাঘরে থাকা খাবারের সঙ্গে আগে থেকেই বিষাক্ত কিছু মিশিয়ে রাখা হয়েছিল। সেই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ভাত ও পানির নমুনা সংগ্রহ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনজেএস/এএ 

Logo