জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি ও চালকের এক সহযোগীকে আটক করেছে স্থানীয়রা।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের নামে একটি বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক দিয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় পৌছালে সড়কের পাশে দাড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি ও চালকের সহযোগী মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/এনজেএস