×
Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, শিক্ষক পলাতক

স্টাফ করেসপনডেন্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, শিক্ষক পলাতক

লক্ষ্মীপুরের রামগতিতে বাবুত তাকওয়া নামক একটি কওমি মাদ্রাসায় আদনান নামক এক শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্থানীয় ইসলামী আন্দোলন নেতা মাওলানা হাবিবুল্লাহ নীরব পলাতক আছেন। 

মাদ্রাসাটি রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের দরজা বন্ধ করে শিশু শিক্ষার্থী আদনানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দেওয়া হচ্ছে। একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। পরে স্কেল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতেও দেখা যায়।

এদিকে, নির্যাতনের শিকার শিশু আদনানের মা-বাবা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। তাঁদের অভিযোগ, সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য মাদ্রাসায় পাঠিয়ে যদি নির্যাতনের শিকার হয়, তাহলে বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তবে, অভিযোগের বিষয়ে পলাতক মাওলানা হাবিবুল্লাহ নীরব নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। 

অন্যদিকে, মাদ্রাসাটিতে শিশুদের নির্মম নির্যাতনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অন্য একটি ভিডিওতে এক শিশুকে দেয়ালের সঙ্গে ধরে মাথায় উপর্যুপরি আঘাত করার দৃশ্য দেখা যায়। আরও একটি ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে দেখা গেছে।

অভিভাবকদের অভিযোগ, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে শাসনের নামে মাদ্রাসাটির শিশু শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। 

এ ঘটনায় মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক নীরবের পক্ষ থেকে ক্ষমা চান।

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, প্রধান শিক্ষক পলাতক আছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকেরা আমার কাছে এসেছিলেন, তবে কোনো লিখিত অভিযোগ করেননি।

উল্লেখ্য, মাদ্রাসাটি ২০২৫ সালে রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডে একটি ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে তৃতীয় জামাত পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে। মাওলানা হাবিবুল্লাহ নীরব ইসলামী আন্দোলন রামগতি পৌরসভা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

/এসআর 

Logo