×
Logo

সারাদেশ

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে 'হাতির পিঠে বর'

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে 'হাতির পিঠে বর'

হাতির গায়ে লেখা হয়েছে 'শুভ বিবাহ'।

বিয়ের বরযাত্রা মানেই গাড়ি-মাইক্রোবাস-ঘোড়ার গাড়ি। কেউ কেউ আবার নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে ভাড়া করেন হেলিকপ্টার। তবে সব চিরচেনা বিয়ের পন্থাকে পেছনে ফেলে, এবার হাতির পিঠে চড়ে, বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাকিব মিয়া। 

পরিবারের একমাত্র ছেলের বিয়েতে, মা-বাবার শখ পূরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন। আর হাতির পিঠে বরের আগমনের খবর ছড়িয়ে পড়তেই কনের বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দেখা যায় এমন ব্যতিক্রমধর্মী বিয়ের দৃশ্য। উপজেলার, ইদিলপুর ইউনিয়নের, চকনদী গ্রামের, নিজ বাড়ি থেকে বিকেল ৪টার দিকে হাতির পিঠে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হন সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন একমাত্র দুলাভাই। তবে, পরিবারের অন্য সদস্য ও বরযাত্রীরা রওনা হন মাইক্রোবাসে।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে সাকিব পৌঁছান ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে। ব্যতিক্রমী এই বরযাত্রাকে একনজর দেখতে সেখানে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও দেখা যায় ব্যাপক কৌতূহল।

বর সাকিব মিয়া চকনদী গ্রামের সাইদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। কনে সুরাইয়া আক্তার একই উপজেলার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার বড় মেয়ে।

তবে হাতির পিঠে চড়ে বরের বিয়েতে যাওয়ার পেছনে রয়েছে পরিবারের আবেগঘন ইচ্ছা। বরের বোন জানান, পরিবারের একমাত্র ছেলের বিয়েতে মা-বাবার শখ পূরণ করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

/এআই 

Logo