×
Logo

সারাদেশ

জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে: আসাদুল হাবিব দুলু

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে: আসাদুল হাবিব দুলু

জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে দাবি করে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর যেগুলোতে একমত হয়েছি, সেগুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী আমরা আগামী দিনের সংবিধান সংশোধন করবো

শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে আবু সাঈদসহ যারা জুলাইতে আত্মদান করেছেন, সেই আত্মদানের প্রতি সম্মান রেখে বর্তমান সরকার একটি মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কাজে আমরা নিয়োজিত।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে। যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেখানে নোট অব ডিসেন্ট বলা হয়েছিল যে, যে দল ম্যান্ডেটপ্রাপ্ত হয়, তারা সেভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে। যেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর আমরা যেগুলোতে একমত হয়েছি, সেগুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী আমরা আগামী দিনের সংবিধান সংশোধন করব। এ ব্যাপারে বিভ্রান্তির কোনো কারণ নেই।

ত্রাণমন্ত্রী আরও বলেন, আল্লাহ যদি দোয়া করেন, আপনারা সবাই থাকেন, এই সরকারের প্রতি আস্থা রাখেন এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশনে বিভ্রান্ত না হন, তাহলে ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন বছরের পরে এই বিশ্ববিদ্যালয়ের চেহারা আমরা তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন করবো।

প্রসঙ্গত, অব্যাহত দাবির মুখে দীর্ঘ দুই বছর পর অবশেষে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজ শুরু হলো। ২০২৪ সালের ১৬ জুলাই এই গেটের সামনে হাত উঁচিয়ে পুলিশের গুলি বরণ করে শহীদ হয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

/এসআইএন


Logo