×
Logo

সারাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে আটক

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে আটক

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় সিএনজি চালক সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরী থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার।

এরই মধ্যে আজ সকালে জানাজা শেষে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ছাতিয়ানতলায় পারিবারিক কবরস্থানে শিক্ষার্থী জান্নাতুল তাজনিনকে দাফন করা হয়।

এর আগে, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা শহরের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তাজমিন। পরে বৃহস্পতিবার সকালে লালমাইয়ের জগতপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার হয়।

স্বজনরা জানায়, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা শহরের বাসা থেকে বের হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজনিন। সবশেষ বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয় তার। জানায়, বান্ধবীর বাসায় রয়েছে সে। মধ্যরাতে বাবা আব্দুল আলিমের ফোনে মেসেজ দিয়ে লাইভ লোকেশন পাঠায় তাজনিন। এছাড়াও, খুদে বার্তায় তাকে নিয়ে যেতে বলে।

পুলিশ জানায়, বাসা থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করছিল ওই কিশোরী। ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লা এসে আবার কক্সবাজারে যায়। বুধবার দুপুরের পর কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয় তাজনিন। ওই দিন রাত ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে সে। পরে বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ফসলি জমি থেকে উদ্ধার হয় তাজনিনের মরদেহ।

এছাড়াও, ঘটনাস্থলের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এদিকে, ফরিদা বিদ্যাতন স্কুলের প্রধান শিক্ষক মো. হানিফ মজুমদার বলেন, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের স্কুলে উপস্থিত ছিল। এর পরে অন্য স্কুলে চলে যায় সে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। তদন্তপ্রক্রিয়া চলমান। সুরতহাল রিপোর্টে শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পায়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে মেডিকেল ফরেনসিক রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবেন।

/এসআইএন


Logo