খুলনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ঢাকায় প্রেরণ
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
অস্ত্র বিরোধী অভিযান শেষে রিকশায় করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন খুলনা জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মহানগরের কলেজিয়েট গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রাতে রুপসা উপজেলায় পুলিশের অস্ত্র বিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন শাহ আলম। পরে রুপসা ঘাট পার হয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। কলেজিয়েট স্কুলের সামনে আসলে ছিনতাইকারীরা রিকশা গতিরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তার দুই হাতে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
রাতেই পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।
/এসআর