×
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহীর পকেটে মিললো ৯৫০ পিস ইয়াবা

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহীর পকেটে মিললো ৯৫০ পিস ইয়াবা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গভামারা এলাকায় ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। একইসাথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

আহত মোটরসাইকেল চালকের এনামুল হক (৪০)। তাকে মানিকছড়ি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানিকছড়ি উপজেলার গভামারা এলাকায় খাগড়াছড়িগামী একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-হ ১৯-১৬২৫) আরোহীর সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয় এবং মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে আহতের চিকিৎসা নিশ্চিত করেন। আহত ব্যক্তির পরিচয় ও ঠিকানা জানতে প্যান্টের পকেট তল্লাশিকালে সন্দেহজনক একটি প্যাকেট দেখতে পান পুলিশ। প্যাকেটটি খুললে ৯৫০ পিস ইয়াবা জব্দ করেন তারা।

এছাড়া পকেটে থাকা ডকুমেন্টস অনুযায়ী আহতের নাম মো. এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায় বলে নিশ্চিত হয় মানিকছড়ি থানা পুলিশ।

এর মধ্যে আহতের প্রাথমিক চিকিৎসায় অবনতি হলে চিকিৎসক প্রবণ চাকমার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে হাতকড়া পরিয়ে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতের পকেটে ৯৫০ পিস পাওয়া গেছে। সে একজন ইয়াবা ব্যবসায়ী।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

/এসআইএন


Logo