×
Logo

সারাদেশ

রামেবির উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর মামলায় গ্রেফতার আরও ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম

রামেবির উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর মামলায় গ্রেফতার আরও ২

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হলো।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বুধবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। তদন্তে ঘটনাস্থলে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর হোসেন এবং রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।

আলী আকবর নগরীর বহরমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। আর দেলোয়ার হোসেন দুলাল একই এলাকার আলিমুদ্দিন শেখের ছেলে।

এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ ব্যানারে ৫০ থেকে ৬০ জনের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে।

এ সময় তারা আগে থেকে লিখে নিয়ে যাওয়া একটি পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে স্বাক্ষর করতে বাধ্য করে। পরে তাকে তার কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

একই কায়দায় উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হাসানকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

এদিকে, মব সৃষ্টি করে উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার মানববন্ধন করেন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

/এমএমএইচ

Logo