×
Logo

সারাদেশ

ফরিদপুরে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা, স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম

ফরিদপুরে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা, স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা করার দায়ে বাদী স্ত্রী ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিথ্যা মামলার বাদী গৃহবধু রিনা আক্তার (৩৫) ও তার স্বামী মাসুদ বেপারী (৪২)। তাদের বাড়ি জেলার সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামে।

জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জয়নাল হাওলাদারের (৪৫) বিরুদ্ধে আদালতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন রিনা আক্তার। মিথ্যা মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে গৃহবধু রিনা আক্তারকে আগে থেকে ওৎ পেতে বসে থাকা প্রতিবেশী জয়নাল হাওলাদার পেছন থেকে জাপটে ধরে মুখ চেপে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এদিকে, মামলার ঘটনায় আজ বাদী রিনা আক্তার এবং তার স্বামী মাসুদ বেপারী আদালতে স্বাক্ষ্য দিতে আসলে জেরাকালে বাদী রিনা আক্তারের দায়েরকৃত মামলাটি যে মিথ্যা তার প্রমাণ উঠে আসে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগে মামলার বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই রায়ের মধ্যে দিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনা কমে আসবে বলে মনে করি।

/এসআর 

Logo