×
Logo

সারাদেশ

সেন্টমার্টিনে বিনামূল্যে খতনার পর ২২ শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণ

কক্সবাজার করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

সেন্টমার্টিনে বিনামূল্যে খতনার পর ২২ শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে খতনা (সুন্নতে খতনা) করানোর দুদিন পর অন্তত ২২ জন শিশুর ক্ষতস্থানে তীব্র ইনফেকশন ও রক্তক্ষরণ দেখা দিয়েছে। শিশুদের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা, মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদান এবং শিশুদের সুন্নতে খতনার একটি বিশেষ মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচি চলাকালে দ্বীপের ৫ থেকে ১৫ বছর বয়সী মোট ২১০ জন শিশুর বিনামূল্যে খতনা করানো হয় এবং পরবর্তীতে তাদের বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়।

তবে খতনা করানোর দুদিন পার হতে না হতেই বিপত্তি দেখা দেয়। ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর থেকেই অনেক শিশুর ক্ষতস্থান ফুলে যায় ও তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে অন্তত ২২ জন শিশুর ক্ষতস্থান থেকে রক্ত ও পুঁজ বের হতে থাকে। অবস্থা আশঙ্কাজনক রূপ নিলে আতঙ্কিত অভিভাবকরা দ্রুত সন্তানদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১২০ জনের একটি বড় প্রতিনিধি দল সেন্টমার্টিনে গিয়েছিল। এর মধ্যে একজন রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের নেতৃত্বে ১৪ সদস্যের একটি স্বাস্থ্য টিম ওই ২১০ শিশুর খতনা কার্যক্রম সম্পন্ন করে।

ইউএনও আরও জানান, প্রাথমিক তথ্যানুযায়ী অস্ত্রোপচার-পরবর্তী সময়ে সঠিক নিয়মে ড্রেসিং না করা এবং পারিবারিকভাবে যথাযথ স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় না রাখার কারণেই ক্ষতস্থানগুলোতে ইনফেকশন ও রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তদারকি করছে।

/এএ 

Logo