বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
তিন দফা দাবিতে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন হয়।
বক্তৃতায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদী হত্যায় ভারত, আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই হত্যায় ও হাদি হত্যায় জড়িতদের ডিসেম্বরের মধ্যে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
এ সময় ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ। মার্চ ফর ইনসাফ-এর মাধ্যমে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে- শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণ রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও রয়েছে।
/এসআর