টাঙ্গাইলে নারীকে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে ধর্ষণের দায়ে ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের সাজা দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ ও আয়নালের ছেলে মো. রুবেল।
মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, ভিকটিম গভীর রাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়ি যাওয়ার পথে স্থানীয় একটি পুকুর পাড়ে পৌঁছালে ধর্ষক আরিফ ও রুবেল তার পথরোধ করে। এক পর্যায়ে তর্কবিতর্ক শেষে ভিকটিম নারীকে পাশের একটি কাচারী ঘরের বারান্দার খুঁটির সাথে রশি দিয়া বেধে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, পরে সকালে ভিকটিম মধুপুর থানায় গিয়ে দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে এই মামলায় বিচারক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন। একই সাথে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের জেল দিয়েছেন বিচারক।
/এসআর