মা ইলিশ আহরণ থেকে বিরত রাখতে ২৮ হাজার ৯২৯ জেলেকে ৭২৩ টন চাল বিতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
শরীয়তপুরে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে জেলেদের বিরত রাখতে ২৮ হাজার ৯২৯ জন নিবন্ধিত জেলের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ শুরু হয়েছে। জেলার চারটি উপজেলায় একযোগে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে মৎস্য বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও নির্ধারিত বিতরণকেন্দ্রে জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী জেলেরা মোট ৭২৩ মেট্রিক টন চাল পাবেন। প্রত্যেক প্রকৃত ও তালিকাভুক্ত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
মৎস্য বিভাগ সূত্র জানায়, পদ্মা-মেঘনা নদীর অববাহিকায় গড়ে ওঠা শরীয়তপুর জেলার নদীগুলোতে প্রচুর ইলিশ আহরণ হয়ে থাকে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেলার মোট চারটি উপজেলা জাজিরা, নড়িয়া, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
তারা আরও জানায়, জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে না নামেন এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
চাল বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের নিষেধাজ্ঞার সময়ে নদীতে না নামার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন বেপারী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর মা ইলিশ সংরক্ষণে জনপ্রতিনিধিরা কাজ করে আসছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে প্রত্যেককে চাল বিতরণ করা হচ্ছে।
/এনজেএস/এএন