রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো এবং তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) মারধরের অভিযোগের মামলায় আব্দুস সালাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়।
কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আব্দুস সালামকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস নাজমুল হোসাইন।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক জানান, ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোর করে ক্যাম্পাসে তার কার্যালয়ে প্রবেশ করে।
তিনি জানান, এ সময় তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তোলা হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সেকশন অফিসার ও উপাচার্যের পিএস নাজমুল হোসাইনকে মারধর করা হয়। পরে, আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে উপাচার্যকে জোর করে স্বাক্ষর করানো হয়।
ঘটনার সময় কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং জরুরি যন্ত্রপাতি খুলে নিয়ে যায় তারা। পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়াও হয়। ঘটনার পর হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
/এনজেএস/এএন