নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিললো গ্যাসের সন্ধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ এএম
দেশের জ্বালানি খাতে নতুন আশার আলো ছড়িয়ে নোয়াখালীর সেনবাগে সফলভাবে গ্যাসকূপ খনন শেষে নতুন গ্যাসের স্তরের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’-এ এই বাণিজ্যিক গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটির নির্ধারিত গভীরতায় গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বাপেক্স কর্তৃপক্ষ।
বাপেক্স সূত্রে জানা গেছে, গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়েছে। প্রাথমিক কারিগরি মূল্যায়ন ও পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকৌশলীরা ধারণা করছেন, এই নতুন কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৭ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
এর আগে চলতি বছরের ২৮ জুলাই সুন্দলপুর গ্যাসক্ষেত্রের আওতাধীন এই চার নম্বর মূল্যায়ন কাম উন্নয়ন কূপে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু করে বাপেক্সের খনন দল। দুই মাসেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে পরিকল্পিত গভীরতায় ড্রিলিং কার্যক্রম পরিচালনা করার পর অবশেষে কাক্সিক্ষত এই গ্যাসস্তরের সন্ধান মিলল।
বর্তমানে কূপটিতে গ্যাসের চাপ, প্রবাহের স্থায়িত্ব এবং বাণিজ্যিক মজুদের পরিমাণ নিখুঁতভাবে নির্ধারণের কাজ চলছে। ডিএসটি প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল পাওয়ার পর খুব দ্রুততম সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংযোগ পাইপলাইন স্থাপন করে জাতীয় সঞ্চালন গ্রিডে এ গ্যাস যুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/এএ