খেলনা ভেবে হাতে ককটেল, বিস্ফোরণে আহত কিশোর
শরীয়তপুর করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলায় খেলনা বল ভেবে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। বস্তুটি খেলনা বল ভেবে সেটি হাতে তুলে নেয় সে। বিষয়টি দেখে সহপাঠী কামরুল তার কাছে জানতে চায়, হাতে কী রয়েছে। পরে দুজন মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বলে জানান। এতে আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি হাত থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ককটেলটি বিস্ফোরিত হলে পাশে থাকা কামরুল গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে স্বজনরা কামরুলকে ঢাকায় নিয়ে যান।
ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আরও দুটি ককটেল উদ্ধার করে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে আর কোনো বিস্ফোরক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএম