অডিও ভাইরালের পর লক্ষ্মীপুর যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার, আটক
স্টাফ করেসপডেন্ট লক্ষ্মীপুর
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম
‘ভিপি নুরের নির্দেশ ৫ লাখ টাকার কম হবে না’ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ফারুক হোসেনের এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটি জানায়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ফারুক হোসেনকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক পারমিট ভিসা সংগ্রহ, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডসহ প্রয়োজনীয় প্রক্রিয়ার কথা বলতে শোনা যায়। এসব কাজের জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা পরিশোধ করতে হবে বলেও কথোপকথনে উল্লেখ করা হয়। বাকি টাকা এক থেকে দুই মাস পর দিলেও হবে বলে তাকে বলতে শোনা যায়। একইসঙ্গে তিনি দাবি করেন, ওই পাঁচ লাখ টাকা নেওয়ার বিষয়টি সরাসরি ভিপি নুরের নির্দেশ।
তবে ফারুক হোসেনের দাবি, স্থানীয় একটি চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ওই অডিও তৈরি করেছে।
/এনজেএস/এসআইএন