সেনা কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, গাইবান্ধায় প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
গাইবান্ধা করেসপনডেন্ট
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ এএম
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধায় আফজাল খান ওরফে মমিন (৫৫) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (৫ অক্টোবর) রাতে এসআরবি-১৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার নিজ বাড়ি ‘ভাই-বোন ভিলা’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফজাল বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করতেন। এরপর অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে রংপুর, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন।
অভিযোগ রয়েছে, তিনি সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণ করতেন। পাশাপাশি ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমেও প্রতারণা করতেন।
অভিযানে তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।
এসআরবি-১৩ জানায়, গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
/এএন