×
Logo

সারাদেশ

'ইসলামবিরোধী' আখ্যা দিয়ে দিরাইয়ে মেয়েদের ফুটবল খেলায় বাধা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

'ইসলামবিরোধী' আখ্যা দিয়ে দিরাইয়ে মেয়েদের ফুটবল খেলায় বাধা

স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় ওলামাদের আপত্তির মুখে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে৷

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দিরাই স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় ওলামাদের বিরোধিতার মুখে ম্যাচটি স্থগিত করেন আয়োজকরা।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, কয়েক দিন আগে উপজেলা স্টেডিয়ামে কিশোরীদের ম্যাচ আয়োজনের আবেদন করে আয়োজকরা। আমরা মৌখিক অনুমতি দেই। নারীদের ফুটবল খেলা নিয়ে এলাকায় মাইকিং করা হয়। এরপর ওলামাদের একটি দল আমার সঙ্গে দেখা করে ম্যাচ বন্ধের দাবি জানান। পরে আয়োজকরা ম্যাচ স্থগিতের ঘোষণা করেন।

এ ব্যাপারে স্থানীয় ওলামাদের নেতৃত্ব দানকারী মাওলানা শরিফ উদ্দিন বলেন, আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। পরে মাইকিং করে মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে মহিলাদের ফুটবল খেলা হয়নি। দিরাইয়ে ইসলামবিরোধী কোনো কার্যকলাপ এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও হবে না।

নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি দাবি করে তিনি বলেন, আমরা ইউএনও সাহেবের সাথে দেখা করেছি। তিনি দিরাইয়ে মহিলাদের ফুটবল খেলা না হওয়ার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।

/এএম 

Logo