×
Logo

সারাদেশ

এসআই প্রবীর প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন, পরে নাটক সাজান: পুলিশ

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

এসআই প্রবীর প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন, পরে নাটক সাজান: পুলিশ

আদালত হতে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা। তাকে পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার নিজে প্রিজন ভ্যানের তালা খুলে প্রাইভেটকারে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরে তিনি নতুন করে পালানোর নাটক সাজান।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তবে এ ঘটনায় পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসআই প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যানে ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে কাশিমপুরের দিকে যাওয়ার সময় তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়। সেখানে প্রিজন ভ্যানের ইনচার্জ এএসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে ভ্যানের চাবি নেন। এরপর হাজতি পিচ্চি রাজা ও হাজতি খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে নেন।

পরে খাইরুল বাশারকে ভ্যানের সামনে নেওয়া হলেও পিচ্চি রাজা ও এএসআই প্রবীর কুমার বিশ্বাস ভ্যানে ওঠেননি। পরে ঘটনাস্থল থেকে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে করে পিচ্চি রাজা পালিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে এএসআই প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে ফিরে এসে প্রিজন ভ্যানে ওঠেন এবং স্কট পার্টির সদস্যদের নিয়ে আসামি পালানোর ঘটনা সাজানো হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামি এবং পলাতক পিচ্চি রাজাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলা ও কারাগার সূত্রে জানা গেছে, গত রোববার ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাঁদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে রাতে রাজা ওরফে পিচ্চি রাজা পুলিশের প্রিজনভ্যান থেকে কৌশলে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যান। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে প্রায় আট দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল মো. সাকিব ও কনস্টেবল শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আরও ৩ জনকে ঘটনার পর থেকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ আরও জানায়, এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

/এসআইএন

Logo