সংবাদ সম্মেলনে পুলিশ
ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালায় ‘পিচ্চি রাজা’, সরাসরি জড়িত দুই পুলিশ
গাজীপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম
গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছে শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। আর এ ঘটনায় সরাসরি জড়িত দুই পুলিশ সদস্য। একইসঙ্গে রাজার বোন তাসলিমার সঙ্গে পূর্বপরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত ওই পুলিশ সদস্যরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এ তথ্য জানান।
পুলিশ জানায়, সিভিল পোশাকে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার পিচ্চি রাজাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে পাশে অবস্থান করা একটি প্রাইভেটকারে তুলে দেন। এ ঘটনায় আর্থিক লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। এরই মধ্যে প্রিজন ভ্যানের চালকের বাসা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক পিচ্চি রাজাকে ধরতে এখনো পুলিশের অভিযান চলছে।
এর আগে, এ ঘটনায় পুলিশের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরত নেওয়ার পথে কোনাবাড়ী/তাঁতীবাজার এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা।
তখন কারা কর্তৃপক্ষ জানায়, নাওজোড় হাইওয়ে থানার কাছাকাছি এক জায়গায় টয়লেটে যাওয়ার কথা বললে আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে ওই আসামি পালিয়ে যায় বলে জানান পুলিশ সদস্যরা।
প্রসঙ্গত, গত ১৯ মে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল।
/এসআইএন